| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে ভয়াবহ ভুল: ট্রাম্পের হুমকি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৭:৪৯:১৬:অপরাহ্ন  |  ৮৯৫ বার পঠিত
ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে ভয়াবহ ভুল: ট্রাম্পের হুমকি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে তা সংস্থাটির জন্য একটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরুষ বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার কারণে সম্প্রতি তীব্র চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা প্রধানের প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি লেখেন, যেকোনো কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে স্থানান্তরিত বা পরিবর্তনের কথা বিবেচনাও করে, তবে তা হবে একটি ভয়াবহ ভুল। ইনফান্তিনোকে 'চমৎকার' আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের আয়োজন করেছেন, যা আগের যেকোনো আসরের চেয়ে চার গুণ বেশি সফল ছিল। তিনি চলে গেলে ফিফা আর কখনোই এতটা সফল বা লাভজনক হতে পারবে না।

এদিকে ইনফান্তিনোর ওপর চলমান সংকটের প্রেক্ষাপটে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশন কনকাকাফ নিজস্ব প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সংস্থাগুলো ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ তুলে চায় যেন তিনি আগামী বছরের মার্চে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে সম্মানের সাথে পদত্যাগ করেন। একই সাথে উদ্ভূত সংকট থেকে নিজেদের মুক্ত রাখতে তারা পদক্ষেপ নিচ্ছে। উয়েফা এর আগেও ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি দিয়েছিল।

মূলত 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) নামে একটি কোম্পানি গঠনের মাধ্যমে টুর্নামেন্টের বাণিজ্যিক ও পরিচালনগত দিকের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। পরবর্তীতে এই প্রস্তাবের জন্য তিনি ক্ষমা চাইলেও উয়েফা, এএফসি এবং কনকাকাফ প্রধানদের স্বাক্ষরিত একটি খোলা চিঠিতে এই পরিকল্পনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। চিঠিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বলা হয়, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত মালিকানাধীন বিষয় নয়, এটি একটি দায়িত্ব। প্রতারণার মাধ্যমে যখন বিশ্বাস ভঙ্গ হয় এবং কোনো ব্যক্তি সম্মিলিত কর্তৃপক্ষের ওপরে নিজেকে তুলে ধরেন, তখন সেই দায়িত্ব অকার্যকর হয়ে পড়ে।

সূত্র: [গার্ডিয়ান]

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪