| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডনের জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৪:৩৭:৫৯:অপরাহ্ন  |  ১৮৪৯ বার পঠিত
ডনের জামিন নামঞ্জুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করে শুনানি করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল)। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পর সিআইডি তাকে হেফাজতে নেয়। ওইদিন সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডনের পক্ষে করা জামিন আবেদনে বলা হয়, তিনি বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় ও পরিচিত অভিনেতা। সালমান শাহ হত্যার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ও হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার বলেও আবেদনে দাবি করা হয়।

জামিন আবেদনে আরও বলা হয়, ডনের বিরুদ্ধে মামলার এজাহার ও গ্রেফতারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কথিত ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। এসব কারণে তাকে জামিন দেওয়া প্রয়োজন বলে দাবি করেন তার আইনজীবী।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এ নিয়ে হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪