বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢালিউডের পরিচিত মুখ। সময়ের সঙ্গে নিজেকে বদলে রূপালি পর্দায় নতুনভাবে উপস্থাপন করছেন এই চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন দীঘি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবি নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার সম্পূর্ণ ভিন্ন এক আমেজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কাঁধখোলা আধুনিক পোশাকে দীঘির নতুন লুক দেখে অনেকেই বলছেন, শিশুশিল্পী হিসেবে পরিচিত সেই দীঘি এখন যেন একেবারেই অন্যরকম।
ফেসবুকে প্রকাশ করা নতুন ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে। স্টুডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, বড় দুল, বিভিন্ন ধরনের গয়না এবং ওয়েভি হেয়ার স্টাইল সব মিলিয়ে তার গ্ল্যামারাস উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।
ছবিগুলোর সঙ্গে নিজের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দীঘি ক্যাপশনে লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ অর্থাৎ, ‘তার দিকে এখন তাকাও’।
ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই শুরু হয় আলোচনা। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার পাশাপাশি উঠে আসে দীঘির শৈশবের অভিনয়ের স্মৃতিও। অনেকেই শিশুশিল্পী দীঘির সঙ্গে বর্তমানের নায়িকা দীঘির তুলনা করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল, কত সুন্দর অভিনয় করত। দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে।
অনেকের মতে, সময়ের সঙ্গে নিজের লুক, ফিটনেস ও মেকওভারে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। নতুন ছবিতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং আধুনিক সাজসজ্জা সেই পরিবর্তনকেই আরও স্পষ্ট করে তুলেছে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা প্রার্থনা ফারদিন দীঘি দীর্ঘ সময় ধরেই দর্শকের পরিচিত মুখ। ছোটবেলায় তার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তী সময়ে অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও কয়েক বছর ধরে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে বড় পর্দায় নিজের জায়গা তৈরির চেষ্টা করছেন তিনি।
ঢালিউডের বড় পর্দার নিয়মিত এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে শুধু অভিনয় নয়, নিজের ফিটনেস ও স্টাইল নিয়েও প্রায়ই আলোচনায় আসছেন। পোশাক, মেকওভার কিংবা নতুন কোনো ছবি সামাজিক মাধ্যমে তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহও বেশ লক্ষণীয়।
নতুন এই ফটোশুটে দীঘির পরিবর্তিত ও গ্ল্যামারাস লুক সেই আগ্রহকেই আরও বাড়িয়ে দিয়েছে। শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা দীঘির দীর্ঘ পথচলায় নতুন এই রূপ যেন তার বদলে যাওয়ার আরেকটি দৃশ্যমান অধ্যায়।
রিপোর্টার্স২৪/ঝুম