| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে দ্রুত বদলাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৬:০৭:০৭:অপরাহ্ন  |  ৫৬৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে দ্রুত বদলাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও সংস্কারধর্মী নানা উদ্যোগের ফলে বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় কাঠামোর নানা সংকট কাটিয়ে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে সুশাসন, জবাবদিহিতা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে কাজ করছে।

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহদী আমিন। রোববার (১৬ আগস্ট) বাসস সাক্ষাৎকারটির ভিত্তিতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

সাক্ষাৎকারে সরকারের গত ১৮০ দিনের পথচলা, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন উদ্যোগ, বৈদেশিক সম্পর্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, শ্রমবাজার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও সংস্কারধর্মী বিভিন্ন উদ্যোগে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ। দেড় দশকে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সরকার এগিয়ে যাচ্ছে।

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে নানা ধরনের ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় জনগণের মৌলিক স্বাধীনতা ও অধিকার সংকুচিত হয়েছিল এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়।

তিনি বলেন, সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচিত সরকার গঠিত হয়েছে, তার ক্ষমতার একমাত্র উৎস দেশের জনগণ। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে ভিত্তি করে সরকার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের জন্য সুদে-আসলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

এর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সরকারি ভাতা চালু এবং খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগও মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ডের প্রভাব তুলে ধরে মাহদী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী এই উদ্যোগের প্রশংসা করেছে। তার মতে, এটি শুধু আর্থিক সহায়তার কর্মসূচি নয়; বরং নারীদের স্বনির্ভর ও মর্যাদাবান করে তোলার একটি উদ্যোগ।

তিনি বলেন, কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা সন্তানের পড়াশোনা, পারিবারিক প্রয়োজন এবং ক্ষুদ্র ব্যবসার কাজে ব্যবহার করছেন। তবে কার্ড বিতরণে কিছু কারিগরি অসংগতি ধরা পড়ায় ডেটাবেজ হালনাগাদ এবং ‘প্রক্সি মিন্স টেস্ট’ সংস্কারের কাজ জোরদার করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরাই সুবিধা পান।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর পবিত্র রমজান ও দুটি ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা সরকারের অন্যতম সাফল্য।

তবে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া জ্বালানি সংকট অল্প সময়ে পুরোপুরি সমাধান করা কঠিন বলেও স্বীকার করেন তিনি।

মাহদী আমিন জানান, মার্কিন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মালয়েশিয়ার পেট্রোনাস এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিকল্প উৎস থেকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ এ বিষয়ে জটিলতার অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রমবাজার চালু হলে পরবর্তী চার মাসে অন্তত এক লাখের বেশি বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, শুধু নির্দিষ্ট কোনো খাত নয় রিয়েল এস্টেট, কৃষি ও উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাবেন। পাশাপাশি জাপান, ওমান, জর্ডান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য কারিগরি ও ভাষা প্রশিক্ষণের পাশাপাশি জামানতবিহীন বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোতে নতুন করে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের গণমাধ্যম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাহদী আমিন দাবি করেন, সরকারের গত ছয় মাসে দেশে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, সরকারের সমালোচনা কিংবা উস্কানিমূলক আচরণের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েও সরকার সর্বোচ্চ রাজনৈতিক ধৈর্য প্রদর্শন করেছে। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনকে আগের মানসিকতা থেকে বের করে এনে জনগণের সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলছে।

তার ভাষ্য অনুযায়ী, হাতি হত্যাসহ ছোট-বড় সব ধরনের অপরাধের ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অপরাধীকে দলীয় বা রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকারের বৈদেশিক নীতির মূল ভিত্তি ‘সবার আগে বাংলাদেশ’। ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে আইনি প্রক্রিয়া চলছে, তাতে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, অর্থনৈতিক ভিত শক্তিশালী করে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

ব্যবসা সহজীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সার্ভিস চালু এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভুলত্রুটি সংশোধন করে সরকারের সততা, সদিচ্ছা ও দায়বদ্ধতাকে কাজে লাগানো গেলে বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে।


সূত্র: বাসস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪