| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২০:৪৭:৪৮:অপরাহ্ন  |  ৪২৮ বার পঠিত
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় আদালত নাকি সরকারের অনুমোদন লাগবে-এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৬ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হলে ভারতীয় আদালতের অনুমোদন প্রয়োজন হতে পারে। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারতের কর্মকর্তারা কী পদক্ষেপ নেবেন, কী প্রক্রিয়া অনুসরণ করবেন, আদালতের অনুমোদন নেবেন নাকি সরকারের অনুমোদনের মাধ্যমে তাকে পাঠাবেন-সেটি সম্পূর্ণভাবে ভারতের বিষয়।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন।

তিনি নিজেই বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। তবে আমরা মনে করি, তার আগেই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশে পাঠানো। যেহেতু তিনি বাংলাদেশের আদালতে দণ্ডিত হয়েছেন, তাই তাকে বাংলাদেশে আসতে হবে-এটাই আমাদের অবস্থান।

ভারতে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘ভারতে রাজনৈতিক আশ্রয়ের কোনো ব্যবস্থা আছে কি না, সে বিষয়ে আমাদের জানা নেই। তাই ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে এর বেশি মন্তব্য করার সুযোগ নেই।’

প্রত্যর্পণ চুক্তি প্রসঙ্গে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণসংক্রান্ত চুক্তি রয়েছে। এর আওতায় ভারত বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে নিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে কী অবস্থায় আছেন, সে বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে তার জানা নেই।

চিফ প্রসিকিউটর বলেন, প্রত্যর্পণ চুক্তিতে যেভাবে বিষয়টি উল্লেখ রয়েছে, সেভাবেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এখন ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।

এদিকে রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মুখপাত্র শহীদুল করিম বলেন, ‘আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি-শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪