| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাইপুকুর পাখি কলোনিতে হাজারো পাখির কোলাহল, বাড়ছে দর্শনার্থীর আনাগোনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১৬:৩৭:৩৯:অপরাহ্ন  |  ১৩১ বার পঠিত
কানাইপুকুর পাখি কলোনিতে হাজারো পাখির কোলাহল, বাড়ছে দর্শনার্থীর আনাগোনা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর পাখি কলোনিতে এখন যেন পাখিদের রাজত্ব। সবুজ গাছের ডালে ডালে হাজারো পাখির বসতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কূজন, ডানা ঝাপটানো আর উড়ে চলার দৃশ্যে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকৃতির অপার সৌন্দর্যের এ দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।

সরেজমিনে দেখা যায়, কানাইপুকুর পাখি কলোনির গাছগুলোর প্রায় প্রতিটি ডালে পাখিদের অবস্থান। কোথাও দল বেঁধে বসে আছে, কোথাও বাসা তৈরিতে ব্যস্ত, আবার কোনো কোনো পাখি খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে। গাছের পাতার আড়াল থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ গাছগুলো যেন পাখির ডানায় ছেয়ে গেছে।

স্থানীয়রা জানান, বছরের নির্দিষ্ট সময়ে এখানে বিভিন্ন প্রজাতির পাখির সমাগম বাড়ে। পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিতি পাওয়ায় এলাকাটিতে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আগ্রহও দিন দিন বাড়ছে।

পাখি কলোনির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পাখিগুলো আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদ। বছরের পর বছর ধরে তারা এখানে এসে নিরাপদে বসতি গড়ে তুলছে। আমরা স্থানীয়ভাবে পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। কেউ যাতে পাখি শিকার বা তাদের আবাসস্থলের ক্ষতি করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

পরিবেশকর্মী এম রাসেল আহমেদ  বলেন, একটি পাখি কলোনি শুধু পাখির আবাসস্থল নয়, এটি একটি এলাকার জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। কানাইপুকুরের এই পাখির আবাসস্থল সংরক্ষণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

পাখি দেখতে আসা দর্শনার্থী ইমামা নুর বলেন, এতগুলো পাখিকে একসঙ্গে কাছ থেকে দেখে সত্যিই ভালো লাগছে। শিশুদের জন্যও এটি খুব সুন্দর একটি জায়গা। প্রকৃতির এমন দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়।

আরেক দর্শনার্থী ফাহমিদা রোশনি বলেন, ছবিতে পাখির কলোনি দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার অনুভূতি একেবারেই আলাদা। চারদিকে শুধু পাখি আর পাখি। এমন জায়গা সংরক্ষণ করা গেলে এটি দর্শনার্থীদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠবে।

দর্শনার্থী রওশরারা রিফাহ বলেন, পাখিদের ডাক আর সবুজ পরিবেশ মিলে এখানে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে। বিশেষ করে গাছের ডালে ডালে এত পাখির বসতি দেখাটা খুবই উপভোগ্য। সবাই সচেতন হলে এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে টিকে থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪