শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য ও জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এসএম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
প্রভাষক মো. মনির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে তিলাওয়াত করেন মো. তরিকুল ইসলাম।
আলোচনা পর্বে বক্তব্য দেন, কলেজ কালচারাল সোসাইটির সভাপতি খালেদা আখতার জাহান, শিক্ষক প্রতিনিধি ফরহাদুর রেজাসহ বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।প্রভাষক মাহফুজা হক সুমি ও জহির রায়হানের যৌথ পরিচালনায় কো-কারিকুলার অ্যাক্টিভিটির অংশ হিসেবে সংগীত ও নৃত্য পরিবেশন করেন আলিশা আক্তার সিনথিয়া, মেহজাবীন, ফাহিম, জান্নাত, ফারিয়া ও রাতুল। পরে বিভিন্ন কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টার্স২৪/ঝুম