| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনিসে বাংলাদেশের তরুণ নির্মাতা রাকায়েত রাব্বির সেরা পরিচালক পুরস্কার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ২১:০২:২৮:অপরাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
ভেনিসে বাংলাদেশের তরুণ নির্মাতা রাকায়েত রাব্বির সেরা পরিচালক পুরস্কার

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ভেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে আয়োজিত স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ (Son of a Pitch Award 2026)-এ তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার’ (হাওয়াই মিঠাই) জিতে নিয়েছে ‘সেরা পরিচালক’ (Best Director Award) পুরস্কার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়র-এর ‘ক্যাম্পারি লাউঞ্জে’ আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাকায়েত রাব্বির হাতে এ পুরস্কার ওঠে।

যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপটে একটি শিশুর মনস্তত্ত্ব, তার চারপাশের বাস্তবতা এবং বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার মতো এক মানবিক ও সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। যুদ্ধের নির্মমতার মধ্যেও শিশুমনের সরলতা ও মানবিক আকাঙ্ক্ষার যে টানাপোড়েন, সেটিই চলচ্চিত্রটির গল্পে বিশেষভাবে ফুটে উঠেছে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের সবচেয়ে সেরা অনুভূতিগুলোর একটি।

তিনি বলেন, “স্ক্রিনিংয়ের সময় এবং পুরস্কার ঘোষণার পর বিশ্বজুড়ে নামকরা ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা যেভাবে আমাদের এই ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এই অর্জন আমার সিনেমা বানানোর উৎসাহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

রাকায়েত রাব্বি আরও বলেন, পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। একই সঙ্গে তিনি ফেস্টিভ্যাল ডিরেক্টর এমানুয়েলা জেনোভেসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

চলচ্চিত্রটির অভিনেতা মিজানুর রহমানও এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুরস্কার ঘোষণার সময় তিনি ভেনিসে সশরীরে উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে আমি ভেনিসের মাঠে সশরীরে উপস্থিত, যা একজন অভিনেতা হিসেবে আনন্দের। যখন ‘ক্যাম্পারি লাউঞ্জ’-এ বিশ্ব চলচ্চিত্রের বাঘা বাঘা মানুষের সামনে আমার সিনেমার নাম ও বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে, তখন গর্ব হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের একার নয়, এটি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ ‘কা’ ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি। এবার ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা পরিচালকের স্বীকৃতি তার আন্তর্জাতিক চলচ্চিত্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে ভেনিসে এই সাফল্যের পর ইতালির শীর্ষস্থানীয় কয়েকটি চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন কোম্পানি রাকায়েত রাব্বির পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের কো-প্রোডাকশন ও চলচ্চিত্র বিতরণে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। ফলে এই পুরস্কার শুধু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দরজাও খুলে দিতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪