রিপোর্টার্স২৪ ডেস্ক: গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের জন্য প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন তিনি।
মন্ত্রী বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিজ্ঞানীরা তাঁদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা ব্যয় করে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেন। এসব কাজের যথাযথ স্বীকৃতি না পেলে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে প্রণোদনা এবং স্বীকৃতির সুযোগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই।
তিনি গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ, সময়োপযোগী ও বাস্তবমুখী করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে গবেষণার সুফল সরাসরি দেশের খামারি ও উদ্যোক্তাদের কাছে পৌঁছানো যায়।
গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, গবেষণাগারে উদ্ভাবন সীমাবদ্ধ রাখলে এর পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়। উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর প্রয়োগ ও দ্রুত সম্প্রসারণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও দক্ষতা বাড়াতে হবে।
সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম