পটুয়াখালী প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার করার জন্য কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। কিন্তু জনগন বিলম্বিত নির্বাচন মেনে নেবে না।’
বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের পর যে ঘোষণা দেয়া হয়েছে আগামী রমজানের আগে অর্থ্যাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করবো সেই ঘোষণার প্রতিফলন ঘটবে। তা না হয়ে নির্বাচন বিলম্বিত হলে জনগন মেনে নেবে না।
তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের নেতাকর্মীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ। আমরা তার অনুগামী। আজ বাংলাদেশে যতটুক উন্নয়ন হয়েছে, জনগণের জীবনমানের উন্নয়ন হয়েছে, যতটুক গণতন্ত্র পেয়েছি তার ১৯ দফার মাধ্যমেই পেয়েছি।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এদিন, দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১৫১১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর সম্মেলনে অংশ নিতে পেরে এবং নিজেদের পছন্দের নেতা নির্বাচনে ভোট দিতে পেরে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০০২ সালে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি এবং স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২০২০ সালের ২ নভেম্বর সেই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রিপোর্টার্স ২৪/এমবি