| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়ে রাতে ঘুম হচ্ছে না সিইসি জ্ঞানেশ কুমারের

পদযাত্রায় রাহুলের তোপ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৬:০৪:১৭:অপরাহ্ন  |  ৩০৮ বার পঠিত
ভয়ে রাতে ঘুম হচ্ছে না সিইসি জ্ঞানেশ কুমারের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল। সোমবার দিল্লিতে হাজার হাজার সমর্থকের সমাবেশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোজা আক্রমণ হানেন নির্বাচন কমিশনারের ওপর।

খোঁচা দিয়ে রাহুল বলেন, ভোটার তালিকা কারচুপির অভিযোগে আমাদের এই বিশাল আন্দোলন দেখে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চরম আতঙ্কে আছেন, তাঁর রাতের ঘুম উবে গেছে!

ভোটের তালিকা সংশোধনের নামে হাজার হাজার নাম গায়েবের প্রতিবাদে চলা এই আন্দোলনের মধ্যেই রাহুল ঘোষণা করেন, আজ সন্ধ্যার মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক আনুষ্ঠানিক রিট পিটিশন বা আবেদন দাখিল করা হবে। একই সাথে দিল্লির বারখাম্বা রোড থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রিম কোর্ট অভিমুখে বিশাল পদযাত্রার ডাক দেন তিনি। সাধারণ মানুষকে হাতে 'জাতীয় পতাকা' নিয়ে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানিয়ে এই আন্দোলনকে জনমানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক লড়াইয়ে রূপ দেওয়ার নতুন কৌশল নিয়েছে বিরোধী শিবির।

সমাবেশে বক্তব্য রাখার সময় দিল্লির পুলিশি দমনপীড়ন নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, হয়তো আপনাদের মনে হতে পারে পুলিশ আমাদের পেটানোয় লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনি ক্লান্ত হলে পুলিশও লাঠি চালাতে চালাতে ক্লান্ত! পুলিশের অন্তত ৫০ শতাংশ কর্মী আন্দোলনকারীদের কানে কানে বলছেন যে আমরা যা করছি তা একদম ঠিক। পুলিশও এখন নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে, ‘আমরা কেন জ্ঞানেশ কুমারের মতো চোরকে পাহারা দিতে যাব?’

এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী সরকারের ভেতরের খবর ফাঁসের হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, আমি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তাঁর নিজের সরকারের ভেতরে থাকা অন্তত ২০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গোপন সব তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন।

টানা চার দিন ধরে চলা এই প্রতিবাদকে সিজিপির তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত করে রাহুল বার্তা দেন, সব প্রতিবাদই এখন এক। ভারত আজ রাজপথে নেমেছে। আপনি যেই হন না কেন, সংবিধান বাঁচাতে এলে আমরা আপনার পাশে আছি। দিনের পর দিন, সপ্তাহ বা বছর পার হলেও জ্ঞানেশের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা না হওয়ার সংকল্প ব্যক্ত করেছেন বিরোধী নেতারা।

তথ্যসূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪