মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে এক রাতেই ৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখিয়েছে পুলিশ।
একই সঙ্গে জেলাজুড়ে অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
অন্যদিকে, গাংনী থানা পুলিশ তিনজন অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনকে আটক করে। পরে তাঁদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
তবে বৃহস্পতিবার রাতে মুজিবনগর উপজেলায় কাউকে আটক করা হয়নি। মুজিবনগর থানার ওসি (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, চলতি মাসের শুরু থেকেই উপজেলায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন জামিনুর রহমান খান বলেন, মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের পাশাপাশি জেলাজুড়ে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাঁদের জিম্মায় দেওয়া হচ্ছে। তবে মাদকসহ যাঁদের আটক করা হয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে। এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/রাফিদ