| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘে অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখার আহ্বান বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৮:২৯:০৯:অপরাহ্ন  |  ২৮৩০ বার পঠিত
জাতিসংঘে অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখার আহ্বান বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: জাতিসংঘে অর্থনৈতিক নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থার কেন্দ্রে মানবাধিকারকে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটি বলেছে, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে উন্নয়নের অগ্রগতি মূল্যায়ন করা যথেষ্ট নয়; সমতা, মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, সেটিও বিবেচনায় নিতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘দ্য পলিটিক্যাল ইকোনমি অব হিউম্যান রাইটস’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সংলাপে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান।

তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি যাতে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করতে ন্যায়সংগত করব্যবস্থা, সাশ্রয়ী উন্নয়ন অর্থায়ন, ঋণের স্থায়িত্ব এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার জরুরি।

সংলাপে অংশগ্রহণকারীরা কাঠামোগত বৈষম্য দূর করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আরও ন্যায়সংগত আন্তর্জাতিক করব্যবস্থা, ঋণ পুনর্গঠনে সমতা, জবাবদিহিমূলক অর্থনৈতিক শাসনব্যবস্থা ও নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

আলোচনায় বলা হয়, সংঘাত, ঋণ পরিশোধের উচ্চ ব্যয় এবং উন্নয়ন সহায়তা কমে যাওয়ার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনৈতিক নীতিনির্ধারণে মানবাধিকারের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশ, মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ের স্থায়ী মিশনের যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে মরক্কোর রাষ্ট্রদূত ওমর হিলালে, উরুগুয়ের রাষ্ট্রদূত লরা দুপুই লাসের, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এমক্সোলিসি এনকোসি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্তাভরোস লামব্রিনিদিস অংশ নেন।

এ ছাড়া মানবাধিকার বিশেষজ্ঞ ইগনাসিও সাইস, অধ্যাপক সাকিকো ফুকুদা-পার এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ আতিয়া ওয়ারিস আলোচনায় অংশগ্রহণ করেন।

সংলাপে ২০৩০ সালের পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কাঠামো এবং আন্তর্জাতিক অর্থনৈতিক শাসনব্যবস্থায় মানবাধিকারের নীতিগুলো অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪