স্টাফ রিপোর্টার : ৪৪তম বিসিএসে প্রহসনমূলক চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে ও পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৪ জুন ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থান নেন এবং রাস্তা ব্লকেড করেন।
এ সময় আন্দোলনকারীরা ‘জুলাই আবার এসেছে , ছাত্র সমাজ জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার। ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি, যা সরকারের দুর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।
আরেক শিক্ষার্থী বলেন, আপনারা জানেন ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন অবৈধ। অনুরূপভাবে ৪৪তম বিসিএসের ফলাফল রাত ১১টা ৪৫ মিনিটে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। যেটা শিক্ষার্থীরা প্রত্যাখান করেছে। আমাদের দাবি পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন। এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রিপোর্টার্স২৪/আরএইচ