রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের সত্য উদঘাটনের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া (RAOWA)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা। এ সময় তারা পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম। তিনি জানান, তাহসিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় পরিবারের কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানতেও চেয়েছেন তারা।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে আলোচনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এমন পরিস্থিতিতে পরিবারের অনেক কিছু করার থাকলেও বাস্তবতার কারণে সবকিছু করা সম্ভব হয় না। তাই পরিবারের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কী ধরনের সহায়তা চান এবং রাওয়ার পক্ষ থেকে কীভাবে পাশে থাকা সম্ভব।
তিনি আরও জানান, তাহসিফের বাবা তাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনাটি অনুসন্ধান করছে। তদন্তের অংশ হিসেবে মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, একজন সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসেবে তাহসিফের মৃত্যু তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, দেশবাসীর পাশাপাশি ডিফেন্স কমিউনিটির সদস্যরাও দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
এ সময় তাহসিফের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় রাওয়া।
অন্যদিকে, রাওয়ার আরেক প্রতিনিধি সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন এবং বিচারপ্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকে নজর রাখবেন তারা।
তিনি বলেন, ‘এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে, তাদের বিচার চাই।’
রাওয়ার নেতাদের এই সাক্ষাতের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংগঠনটির অবস্থান স্পষ্ট হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম