| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ১০% গ্রিন হোল্ডিং ট্যাক্স ছাড়ের দাবি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ২০:৪১:১৩:অপরাহ্ন  |  ৭৮২ বার পঠিত
খুলনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ১০% গ্রিন হোল্ডিং ট্যাক্স ছাড়ের দাবি

খুলনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব নগরায়ণ নিশ্চিত করতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় ১০ শতাংশ গ্রিন হোল্ডিং ট্যাক্স ছাড় বা আর্থিক প্রণোদনা চালুর দাবি জানিয়েছে আপস যুব সংগঠন। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ছাদবাগান তৈরি ও পরিবেশবান্ধব ভবন নির্মাণে বাড়ির মালিকদের উৎসাহিত করতে এ দাবি জানানো হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবে ‘সবুজ ছাদ, পরিচ্ছন্ন জ্বালানি, টেকসই খুলনার অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত জেলা পর্যায়ের এক নীতিগত সংলাপে এ দাবি উত্থাপন করা হয়। আপস যুব সংগঠনের আয়োজনে এবং দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে অংশীজনদের সমর্থন আদায়ে স্বাক্ষর সংগ্রহ করা হয়।

জাতীয় প্ল্যাটফর্ম ‘Youth for Care’-এর মাধ্যমে দেশব্যাপী জেলা পর্যায়ে নীতিগত সংলাপ আয়োজনের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংলাপের মূল লক্ষ্য ছিল খুলনা সিটি করপোরেশন এলাকায় আবাসিক ও অন্যান্য উপযুক্ত ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলতে কার্যকর আর্থিক প্রণোদনা চালুর একটি বাস্তবসম্মত নীতিকাঠামো প্রস্তাব করা।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে খুলনা নানা পরিবেশগত ঝুঁকির মুখোমুখি। নগরীতে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে ছাদবাগান, সৌরবিদ্যুৎ, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি এবং পরিবেশবান্ধব ভবন নির্মাণে স্থানীয় সরকার পর্যায়ে আর্থিক প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংলাপে প্রস্তাবিত ১০ শতাংশ গ্রিন হোল্ডিং ট্যাক্স ছাড় বাস্তবায়নের পদ্ধতি, কোন ধরনের ভবন ও পরিবেশবান্ধব উদ্যোগ এ সুবিধার আওতায় আসতে পারে এবং এতে সিটি করপোরেশনের রাজস্বের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ, ছাদবাগান তৈরি ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারের সঙ্গে এ প্রণোদনা কার্যক্রম সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা মনে করেন, শুধু সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য কার্যকর স্থানীয় নীতিমালা ও আর্থিক প্রণোদনা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাড়ির মালিক ও ভবন ব্যবহারকারীরা পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা শেখ আশরাফউজ্জামান, সহকারী শিক্ষক মো. ওবায়দুল ইসলাম, সংবাদকর্মী মোতাহার রহমান বাবু, শিক্ষক নেত্রী ইরিনা আক্তার, নাগরিক ফোরামের নেত্রী বনানী সুলতানা ঝুমু, উদ্যোক্তা তানজীলা খাতুন, সোনালিদিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হীরা এবং প্রান্তজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ।

এ ছাড়া সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি, বাড়ির মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রেদওয়ানুল রুহান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ও উদ্ভাবনী নীতিগত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। খুলনা সিটি করপোরেশন এমন একটি গ্রিন হোল্ডিং ট্যাক্স প্রণোদনা ব্যবস্থা চালু করার বিষয়টি বিবেচনা করবে বলে তাঁরা আশা করেন। এর মাধ্যমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ছাদবাগান তৈরি ও পরিবেশবান্ধব ভবন নির্মাণে বাড়ির মালিকেরা আর্থিকভাবে উৎসাহিত হবেন।

তিনি বলেন, ১০ শতাংশ গ্রিন ট্যাক্স ছাড়ের প্রস্তাবটি পরিবেশবান্ধব নগর গড়ে তোলার একটি নীতিগত উদ্যোগ। নাগরিকদের অংশগ্রহণ ও স্থানীয় সরকারের সহযোগিতায় খুলনাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংলাপে উঠে আসা মতামত, অভিজ্ঞতা ও সুপারিশের ভিত্তিতে একটি প্রমাণভিত্তিক নীতিপ্রস্তাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অংশীজনের সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে নীতিগত প্রচার-প্রচারণা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে খুলনা সিটি করপোরেশন, নাগরিক সমাজ, বাড়ির মালিক, যুবসমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রিপোর্টার্স২৪/রাফিদ  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪