মাগুরা প্রতিনিধি: মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাপ্পি বিশ্বাস(১৯) এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আ'ত্ম'হ'ত্যা করেছে।
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মাগুরায় বাপ্পী বিশ্বাস ও অনন্যা শিকদার নামে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল জানার পর নিজ নিজ বাড়িতে তারা আত্মহত্যা করে। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বাপ্পী বিশ্বাস মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল ইসলাম বিশ্বাসের ছেলে। সে বুনাগাতী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়।
অপরদিকে, অনন্যা শিকদার একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনীল শিকদারের মেয়ে। সে কুল্লিয়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুই শিক্ষার্থী নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করে। ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর তারা মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করে তারা।
হঠাৎ করে দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।
উভয় ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব