| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপন, ৮ লাখ টাকার ঋণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ২২:০০:১৫:অপরাহ্ন  |  ৫৮৪ বার পঠিত
মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপন, ৮ লাখ টাকার ঋণ বিতরণ

মাগুরা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মাগুরা যুব ভবনের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন কুতুব এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান।

যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন সাবিনা ইয়াসমিন মেরী ও নাহিদুর রহমান দুর্জয়। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মুনসুর আলী।

অনুষ্ঠানে চারজন যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি চারজন যুব উদ্যোক্তার মধ্যে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয় বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে সফল আত্মকর্মী হিসেবে বড়খড়ি আবাবিল মাশরুম সেন্টারের পরিচালক মহাইমিন আলম, শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের সভাপতি মো. নাহিদুর রহমান দুর্জয়, আলোকদিয়া গৃহগ্রাম যুব সংগঠনের সভাপতি মো. মুজিবুর রহমান এবং ‘সেইভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন’-এর পরিচালক ছাবিনা ইয়াসমিন মেরীর নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া ফিয়া নারী যুব উন্নয়ন সংগঠনকে নিবন্ধন সনদ দেওয়া হয়। সংগঠনটির ঠিকানা মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রাম।

ঋণপ্রাপ্তদের মধ্যে মাগুরা সদর উপজেলার মালন্দ গ্রামের সোহাগ জোয়ার্দ্দার পেয়েছেন ১ লাখ টাকা যুব ঋণ। একই উপজেলার ধনপাড়া গ্রামের হাবিবুর হোসেন পেয়েছেন ৪ লাখ টাকা যুব উদ্যোক্তা ঋণ। মালন্দ গ্রামের মো. ফচিয়ার রহমান এবং শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের রাজু হোসেন প্রত্যেকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা করে ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের আগস্টে মাগুরায় অধিদপ্তরটির কার্যক্রম শুরু হয়। এরপর থেকে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অধিদপ্তরে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা এবং কৃষিবিষয়ক আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া পোশাক তৈরি, কম্পিউটার ও আইসিটি, ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং, ইলেকট্রনিকস, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, বিউটিফিকেশন, ব্লক প্রিন্টিং, মোবাইল সার্ভিসিং, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, সোলার সিস্টেম, কবুতর পালন, মধু আহরণ, কারচুপি, ব্লক-বাটিক, বাঁশ ও বেতের কাজ, ফুড প্রসেসিং, যুব নেতৃত্ব, ওয়েল্ডিং, হস্তশিল্প, পাটজাত পণ্য এবং ডেটাবেজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়।

এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪