হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জিনারী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি জানাজায় সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহার উপস্থিত ছিলেন। এ সময় কুদ্দুসের ছোট ভাই আনাসের সাথে আজহারের ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, এ সময় কুদ্দুস নিজে ঝগড়া না থামিয়ে আজহারের ছোট ভাইকে চড়-থাপ্পড় মারেন ও তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। পরে উপস্থিত মুসল্লিরা দুই পক্ষকে শান্ত করে ফিরিয়ে নিয়ে যান। এ সময় কুদ্দুসের ছোট ভাই আনাস সকলের সামনে "খেলা হবে" বলে হুমকি দেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহারের অভিযোগ, জানাজা শেষে হাজিপুর বাজারে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ কুদ্দুস নিজে দুই হাতে দুইটি বল্লম নিয়ে তার সঙ্গীদের নিয়ে আজহারের হাজিপুর বাজারস্থ অফিসের সামনে চলে আসেন। এ সময় আজহারের সমর্থকরা অফিসের সামনে অবস্থান করছিলেন। কুদ্দুসের লোকজন অতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ থেকে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব