| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ১৫:১৬:২২:অপরাহ্ন  |  ৮০৮ বার পঠিত
ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমোদন দিচ্ছে না সরকার। ইতোমধ্যে যেসব ক্লিনিক চালু হয়েছে, সেগুলোর সবই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে নিয়মিত পরিদর্শন চালানো হচ্ছে। পরিদর্শনে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম বা অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সম্ভব নয়। নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসার অবস্থা, চিকিৎসাসেবার মান এবং হাসপাতাল থেকে পাওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকা এবং দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর বার্তা দেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪