ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ ড্রামচিমনিবিশিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এইচএসবি, টিএলআরবি ও এমআরবি নামের তিনটি অবৈধ ড্রামচিমনিবিশিষ্ট ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, পরিবেশ সুরক্ষায় ড্রামচিমনিবিশিষ্ট ইটভাটা নিষিদ্ধ। জেলার পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/রাফিদ