লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মকুল পাটোয়ারীসহ আরও অনেকেই।
আয়োজকেরা জানান, রায়পুর-লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ হয়ে এখন থেকে প্রতিদিন ঢাকা যাবে বিআরটিসির এসি বাস। শুরুতে ৬ টি বাস চললেও এই রুটে পর্যায়ক্রমে আরও ১২ টি বাস যুক্ত হবে। বিআরটিসির এসি বাস রায়পুর থেকে ঢাকায় ভাড়া ৫৫০ টাকা ও লক্ষ্মীপুর থেকে ভাড়া ৫০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু বলেন, এটি একটি সরকারি পরিবহন সংস্থা। সরকারি সংস্থা মানে জনগণের সংস্থা, তার মানে এটি আমাদের সবার। তাই আমরা সকলে এর সেবা গ্রহণ করবো। আশা করি বিআরটিসির এসি বাস সার্ভিসের সেবায় সাধারণ মানুষ মুগ্ধ হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব