রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই।’ গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত ওই বক্তব্য নোটিশদাতার দৃষ্টিগোচর হয়েছে বলে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে আইনজীবী মো. হাবিবুর রহমান বলেন, নাহিদ ইসলামের এমন বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে এ ধরনের মন্তব্য অমার্জনীয় এবং অবাস্তব ও কাল্পনিক বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচয় দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন অগ্রহণযোগ্য মন্তব্য জাতি আশা করে না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে নাহিদ ইসলামকে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি এ ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে যথাযথ জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা করা না হলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাহিদ ইসলামের ওই মন্তব্যকে কেন্দ্র করে পাঠানো আইনি নোটিশের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম