কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মুদ্রা ও মূর্তির আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার করা মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের ৬০ ধরনের মোট ৫৭০টি কয়েন রয়েছে। এসব মুদ্রার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তুটির মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মুদ্রা ও মূর্তির আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা ও মূর্তির খণ্ডটি বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কষ্টিপাথরের মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং বৈদেশিক মুদ্রাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম