স্পোর্টস ডেস্ক: সাত উইকেট হারিয়ে তখন চরম বিপর্যয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে ১৭২ রানে। সাদমান ইসলামের চোটে হাতে অবশিষ্ট ছিল মাত্র দুই উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরলেন তাওহীদ হৃদয়। শুধু দলকে বিপর্যয় থেকে টেনে তুলেই থামেননি, ব্যাট হাতে গড়েছেন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতকের অনন্য কীর্তি গড়েছেন এই তরুণ ব্যাটার।
হৃদয়ের এই ইনিংস বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। এর আগে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান ছিল ১৮১। সেই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল হক। এবার তাঁকে ছাড়িয়ে নিজের প্রথম শতরানের ইনিংসকেই দ্বিশতকে পরিণত করলেন হৃদয়।
এর আগে বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তাঁদের মধ্যে মুশফিকুর রহিমের রয়েছে তিনটি দ্বিশতক। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে। এবার সেই বিশেষ তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন ২৫ বছর বয়সী তাওহীদ হৃদয়।
শুধু তাই নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও প্রথমবারের মতো টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। এই মাঠে এর আগে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান। আর শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস করেছিলেন ১৬৪ রান। দুজনকেই ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটার। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটার ১৫০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। এবার প্রথম বাংলাদেশি হিসেবে সেই সীমা ছাড়িয়ে সরাসরি দ্বিশতক তুলে নিলেন হৃদয়।
৩০৪ বলের অসাধারণ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯টি চার ও ৭টি ছক্কা। দলের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক শটের সমন্বয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।
একসময় যে ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল ক্যারিবীয়দের হাতে, হৃদয়ের ব্যাটিংয়ে সেই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তাঁর ঐতিহাসিক ইনিংসে প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।
দ্বিশতক পূর্ণ করার পর এখন বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ছাড়িয়ে লিড নেওয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়রা এগিয়ে রয়েছে মাত্র ২৫ রানে। হৃদয়ের এই অবিশ্বাস্য ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যায়, সেটিই এখন দেখার অপেক্ষা।
রিপোর্টার্স২৪/ঝুম