| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না:নুসরাত তাবাসসুম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৪:৩১:৩৭:অপরাহ্ন  |  ৩২৪ বার পঠিত
হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না:নুসরাত তাবাসসুম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’ কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পেট্রল বোমা হামলা বলে দাবি করে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকতে পারে বলে ব্যক্তিগতভাবে সন্দেহ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, মধ্যরাতে বাড়ির সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন ও পরিস্থিতি দেখে এটিকে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে তদন্তের আগে তিনি বিষয়টি নিশ্চিতভাবে বলতে চান না।

তিনি বলেন, ‘ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। বাকিটা অবশ্যই তদন্তসাপেক্ষ। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

আগে থেকেই হুমকি পাওয়ার কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও তিনি বেশ কয়েকটি হুমকি কল পেয়েছেন। এসব হুমকির বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও তার কাছে একাধিক হুমকি এসেছে।

নুসরাতের দাবি, তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল, যা তার কাছে হুমকি বলেই মনে হয়েছে। তিনি বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি মূলধারার গণমাধ্যমে বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে প্রচার করা হচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানান তিনি। নুসরাত বলেন, বাড়িটি মোটেও পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। তারা বাড়িটির দেখাশোনা করতেন এবং একপর্যায়ে পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিলেন।

নিজের শৈশব ও পারিবারিক স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটি আমার দাদার হাতে তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি।’

তিনি আরও বলেন, বাড়িটিতে তার গবাদিপশুর খামার ছিল, আত্মীয়স্বজন ছিলেন এবং একটি অসহায় পরিবার বসবাস করত। আগুনে ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। এ ছাড়া তার বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষায়, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।’

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নুসরাত। তিনি জানান, পুলিশকে খবর দেওয়ার পর আনুমানিক রাত ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। অর্থাৎ আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর পুলিশ আসে। পুলিশের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী পাহারা দেওয়া হলেও ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হওয়ার পরও আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলেও জানান এই সংসদ সদস্য। তার অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ‘যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন কারা এই ঘটনার পেছনে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ ও আলামত রয়েছে।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নুসরাত বলেন, সাধারণ মানুষ ও সংসদ সদস্যদের নিরাপত্তার মধ্যে বাস্তবে তেমন কোনো পার্থক্য নেই। একজন সংসদ সদস্যের বাড়িতেও যদি মধ্যরাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন থেকেই যায়।

তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলায় একজন সাধারণ চালক যেভাবে আহত হয়েছেন, একইভাবে তার বাড়িতে আগুনের ঘটনায় একটি শিশু আহত হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

সংশ্লিষ্টদের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে দাঁড়িয়ে সুন্দর ও স্মার্টভাবে কথা বললেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বাস্তবতা আড়াল করা যাবে না। শুধু অস্বীকার করে পরিস্থিতির ভয়াবহতা মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়।

নুসরাতের ভাষ্য, বাংলাদেশে এর আগে কোনো চলমান সংসদ সদস্যের বাড়িতে এভাবে গভীর রাতে পরপর চারটি পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। তিনি ঘটনাটিকে জুলাই আন্দোলন এবং জুলাই-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া উচিত।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে বাড়িতে আগুন দেওয়ার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, তিনি সরাসরি কিছু বলতে চান না। তবে ঘটনার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে দাবি করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলার দায় স্বীকারের মতো বক্তব্য দিচ্ছেন এবং উল্লাস প্রকাশ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য করে নুসরাত বলেন, ‘আমি মনে করি, খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়িঘর নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।’

স্থানীয় কোনো বিরোধ বা শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, নিজের এলাকার মানুষ বা এলাকাবাসীকে তিনি সন্দেহ করেন না। তবে পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানান। তিনি ব্যক্তিগতভাবে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী বলে মনে করছেন বলেও জানান।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে গবাদিপশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান।

এটি ছিল নুসরাতের দাদার বাড়ি। এর পাশেই তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। তবে অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। ওই বাড়িতে একজন কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করতেন।

আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে বাড়িতে থাকা গবাদিপশুগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। কেয়ারটেকারের পরিবারের একটি শিশুও আহত হয়েছে বলে জানিয়েছেন নুসরাত।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের পরিচয় কত দ্রুত বেরিয়ে আসে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪