| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কপ ৩১: জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার নতুন চুক্তির উদ্যোগ তুরস্কের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৯:২১:১৮:অপরাহ্ন  |  ২৪৪ বার পঠিত
কপ ৩১: জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার নতুন চুক্তির উদ্যোগ তুরস্কের

মো. নাজমুল হাসান, আন্তালিয়া (তুরস্ক): তুরস্কে চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বুধবার থেকে বিশ্বনেতারা জলবায়ু বিষয়ে নিজ নিজ দেশের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরবেন। একই সময়ে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর স্থবির প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন আলোচকরা।

ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমার উল্লেখযোগ্য লক্ষণ না থাকলেও যুদ্ধ, মূল্যস্ফীতি ও অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে রাজনৈতিক মনোযোগের প্রতিযোগিতা বাড়ছে।

গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব এখন এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে পারে। প্যারিস জলবায়ু চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এড়াতে এই তাপমাত্রার সীমা নির্ধারণে দেশগুলো সম্মত হয়েছিল।

২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে সভাপতিত্ব করা ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিয়াস বলেছেন, বিশ্বনেতাদের বক্তব্য জলবায়ু আলোচনায় নতুন রাজনৈতিক গতি সঞ্চার করতে পারে। তিনি সাবেক কপ সম্মেলনগুলোর সভাপতিদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদেরও নেতৃত্ব দিচ্ছেন।

রয়টার্সকে তিনি বলেন, ‘নেতাদের জন্য এটি নতুন কিছু ঘোষণা দেওয়ার সুযোগ। বিশেষ করে এবার তাঁরা কীভাবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, তা ব্যাখ্যা করার সুযোগ পাবেন। কারণ আন্তালিয়া সম্মেলনের মূল শব্দ হচ্ছে বাস্তবায়ন।’

কপ৩১-এর সূচি অনুযায়ী, বুধবার বিকেল থেকে বিশ্বনেতাদের ধারাবাহিক বক্তব্য শুরু হবে এবং বৃহস্পতিবার দিনভর তা চলবে। এতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

বুধবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার। গত অক্টোবরের শেষ দিকে তিনি পুনর্নির্বাচিত হন। তাঁর দেশেই গত বছর জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এ ছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হেইনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তবে ঐতিহাসিকভাবে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অংশ নিচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রকে জলবায়ু সহযোগিতা থেকে প্রত্যাহার করে নেন। তিনি বৈশ্বিক উষ্ণতাকে ‘প্রতারণা’ বলেও অভিহিত করেছেন।

বিদ্যুতের যুগের সূচনা?

কপ৩১-এর আয়োজক দেশ তুরস্ক সম্মেলনের চূড়ান্ত চুক্তিতে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। তবে সমালোচকদের মতে, এই উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর ভূমিকা নাও রাখতে পারে।

প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের এক-পঞ্চমাংশের কিছু বেশি থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে গাড়ি, শিল্পকারখানা ও ভবন থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রস্তাবে নতুন বিদ্যুৎ উৎপাদন অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি উৎস থেকে করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। একই সঙ্গে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বকে কীভাবে ধাপে ধাপে সরিয়ে আনা হবে, সে বিষয়ে দেশগুলোর মধ্যে এখনো বৃহত্তর কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে নিষিদ্ধ বা অমীমাংসিত হিসেবে বিবেচনা করা বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।’

তিনি দেশগুলোর প্রতি এ রূপান্তরের জন্য সুস্পষ্ট সময়সীমা নির্ধারণের আহ্বান জানান।

ব্রাজিলে অনুষ্ঠিত আগের কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বৈশ্বিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে ব্রাজিলের কপ সভাপতিত্ব সম্প্রতি একটি রূপরেখা প্রকাশ করেছে, যার লক্ষ্য জলবায়ু আলোচনায় বিষয়টিকে কেন্দ্রীয় পর্যায়ে ধরে রাখা।

ওই রূপরেখায় ২০২৮ সালের মধ্যে দেশগুলোকে নিজ নিজ জ্বালানি ব্যবস্থা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে। এরপর ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ কমাতে দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব রয়েছে।

জলবায়ু সম্মেলনের এবারের আলোচনায় তাই শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বরং বিদ্যুৎ ব্যবস্থার রূপান্তর, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কার্যকর পরিকল্পনা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪