| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এটি জীবন-মরণের প্রশ্ন’: কপ৩১ সম্মেলনে জলবায়ু নেতাদের কড়া সমালোচনা গ্রেটা থুনবার্গের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৯:২৪:২৪:অপরাহ্ন  |  ৩১৮ বার পঠিত
‘এটি জীবন-মরণের প্রশ্ন’: কপ৩১ সম্মেলনে জলবায়ু নেতাদের কড়া সমালোচনা গ্রেটা থুনবার্গের

সোমনাথ দে, আন্তালিয়া (তুরস্ক): জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সতর্ক করে বলেছেন, কপ৩১ সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অগণিত মানুষের জন্য জীবন-মরণের প্রশ্ন হয়ে উঠতে পারে। তাঁর মতে, জাতিসংঘের জলবায়ু আলোচনা জলবায়ু বিপর্যয় ঠেকাতে যথেষ্ট নয়। তবে বিপর্যয় এড়ানো এবং মানুষের জীবন বাঁচানোর লড়াই অব্যাহত রাখতে হবে।

সম্মেলনস্থলে পৌঁছে থুনবার্গ বলেন, “এটি জীবন ও মৃত্যুর প্রশ্ন।” তিনি সতর্ক করে বলেন, আলোচনা কক্ষে নেওয়া সিদ্ধান্ত অগণিত মানুষের জন্য ‘মৃত্যুদণ্ড অথবা বেঁচে থাকার রায়’ হয়ে উঠতে পারে।

এবারের সম্মেলন আগের সম্মেলনগুলোর তুলনায় ভিন্ন কোনো ফল বয়ে আনবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, কয়েক দশক ধরে শুধু কথাবার্তা চললেও বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ বাড়ছে এবং জলবায়ু বিপর্যয় ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে।

মানবজাতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন কয়েকটি ‘অপ্রত্যাবর্তনযোগ্য পরিবর্তনের পর্যায়’ বা টিপিং পয়েন্ট অতিক্রমের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন এই জলবায়ু আন্দোলনকর্মী। তবে জাতিসংঘের কপ আলোচনার সীমাবদ্ধতা সত্ত্বেও আরও বিপর্যয় ঠেকানোর সংগ্রাম থামানো যাবে না বলে স্পষ্ট করেন তিনি।

রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করে থুনবার্গ বলেন, বিজ্ঞানী এবং জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষ থেকে কয়েক দশক ধরে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করা হচ্ছে। মানবজাতি নিজেদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জীবনধারণের পরিবেশকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে। আমরা এক অজানা ও বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, “আমরা আন্দোলনকর্মীরা এখানে এসেছি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের দিয়ে সেই কাজগুলো বাস্তবায়ন করাতে, যেগুলো তাঁরা বছরের পর বছর ধরে মুখে বলে আসছেন।”

বিশ্ব যদি বর্তমান ধারায় চলতে থাকে, তাহলে খাদ্য, সুপেয় পানি এবং কার্যকর অবকাঠামোর মতো মৌলিক প্রয়োজনও একসময় বিলাসিতায় পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি।

থুনবার্গের অভিযোগ, রাজনীতিকেরা প্রকৃত সংকট মোকাবিলার পরিবর্তে বিভ্রান্তিকর আলোচনা ও তথাকথিত উদ্যোগ নিয়ে ব্যস্ত রয়েছেন। এসব উদ্যোগের আড়ালে নানা ফাঁকফোকর তৈরি করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনি কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।

আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলন আয়োজক দেশগুলোকে নিজেদের ‘স্বচ্ছ ও ইতিবাচক’ হিসেবে তুলে ধরার সুযোগ করে দেয় উল্লেখ করে থুনবার্গ বলেন, সম্মেলনস্থল শিল্পগোষ্ঠীর অর্থায়নে পরিচালিত লবিস্টদের উপস্থিতিতে পরিপূর্ণ। এসব শিল্পগোষ্ঠী বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাভোগী। তাঁর ভাষায়, “এবারের বছরটিও এর ব্যতিক্রম নয়।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪