| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে মিলল ৫১ বস্তা টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১০:৫৮:২৪:পূর্বাহ্ন  |  ১০৪৪৯ বার পঠিত
পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে মিলল ৫১ বস্তা টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই বেরিয়ে এসেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ ৪ মাস ২৫ দিন পর শনিবার সকালে মসজিদের ১৫টি দানবাক্স ও সিন্দুক খোলা হলে বিপুল পরিমাণ এসব টাকা পাওয়া যায়। নগদ অর্থের পাশাপাশি এবারও বিদেশি মুদ্রা এবং স্বর্ণ-রুপার অলংকার পাওয়া গেছে। বিপুল পরিমাণ দানের অর্থ গণনা করতে মসজিদে অংশ নিয়েছেন ছয় শতাধিক মানুষ।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। সিন্দুক থেকে বের করা টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ।

পাগলা মসজিদের সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে দানবাক্স খোলা ও গণনার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মসজিদের দোতলায় টাকা গণনার কার্যক্রম তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন মসজিদের ইতিহাসে সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এবার দানবাক্সের সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়েছে। দীর্ঘ সময় পর একসঙ্গে এত বিপুল পরিমাণ দানের অর্থ পাওয়া যাওয়ায় এবার আগের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে গণনা শেষ হওয়ার পর।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটিরও বেশি টাকা।

মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, বস্তাভর্তি টাকা গণনাকারীদের সামনে ঢেলে দেওয়া হচ্ছে। এরপর সেগুলো বাছাই করে ভাঁজ করে বান্ডিল তৈরি করছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তৈরি করা বান্ডিলগুলো পর্যায়ক্রমে ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা হাতে এবং টাকা গণনার আধুনিক মেশিনের সাহায্যে অর্থ গণনা করে নির্দিষ্ট নিয়মে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন।

এবারের গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন ছয় শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছি জানান, এবারও নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ-রুপার অলংকার পাওয়া গেছে। বিপুল পরিমাণ টাকা গণনার কাজ শেষ করতে সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে যেতে পারে।

পাগলা মসজিদের দানবাক্সে শুধু নগদ অর্থই নয়, নিয়মিতভাবে পাওয়া যায় বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার। গত ছয় বছর ধরে জমা হওয়া স্বর্ণ-রুপার অলংকার গত ১২ অক্টোবর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওজন করা হয়।

সেখানে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, যার ওজন ১২ কেজি ১৭৪ গ্রাম। পাশাপাশি পাওয়া যায় ১ হাজার ৮৮ ভরি রুপা, যার ওজন ১২ কেজি ৬৯০ গ্রাম।

একই সঙ্গে দানবাক্সে জমা হওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর দরপত্রের মাধ্যমে এসব অলংকার বিক্রি করা হবে। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

দানবাক্স খোলা, টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়ার পুরো কার্যক্রম ঘিরে পাগলা মসজিদ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক বলেন, দানবাক্স বা সিন্দুক খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু টাকা গণনার দিন নয়, সারা বছরই পাগলা মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করতে আসেন। মানুষের বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র হয়ে ওঠা এই মসজিদে প্রতিদিনই জমা হয় বিপুল পরিমাণ অর্থ ও বিভিন্ন ধরনের সামগ্রী।

নগদ অর্থের পাশাপাশি এখানে গবাদিপশু, হাঁস-মুরগিসহ নানা ধরনের জিনিসপত্রও দান করা হয়। এসব সামগ্রী প্রতিদিন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হচ্ছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে ব্যাংকে ১৩৩ কোটিরও বেশি টাকা জমা রয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকে জমা রাখা অর্থের বিপরীতে পাওয়া লভ্যাংশ থেকে গরিব ও অসহায় মানুষকে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও এই অর্থ ব্যয় করা হয়ে থাকে।

পাগলা মসজিদের জমাকৃত অর্থ দিয়ে একটি আধুনিক ও বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা হাতে পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। এরপরই শুরু হবে নির্মাণকাজ।

জানা গেছে, পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই কমপ্লেক্সে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান, এতিম শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা, মাদরাসা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া এবং আধুনিক আইটি সেকশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হবে। ধর্মীয় শিক্ষা, ইবাদত ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ে কমপ্লেক্সটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই বৃহৎ প্রকল্পটি সম্পন্ন হলে পাগলা মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, বরং শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও নতুন পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪