| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটজনের অবস্থা গুরুতর, পাঠানো হয়েছে কুমিল্লা মেডিক্যালে

চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:৩৯:৩৩:পূর্বাহ্ন  |  ১০১ বার পঠিত
চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা অংশের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। পরে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাস। এতে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, যানবাহনগুলো কাছাকাছি দূরত্বে চলাচল করছিল। ফলে প্রথম বাসটি লরির পেছনে ধাক্কা দেওয়ার পর পেছনের যানবাহনগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক রানা জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪