নিজস্ব প্রতিবেদক : অসুস্থ মাকে দেখতে আজই হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ডা. জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৬ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন।
এদিন সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান।
ওয়ান ইলেভেনের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
এদিকে জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
রিপোর্টার্স২৪/আরএইচ