স্টাফ রিপোর্টার: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং থানাভিত্তিক ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মিছিল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে। এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করেনি। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
তিনি বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।
এর আগে, গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
রিপোর্টার্স২৪/আরএইচ