| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে আকাশসীমা বন্ধ: ১৭ বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২৫৮৯ বার পঠিত
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে আকাশসীমা বন্ধ: ১৭ বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত
ছবির ক্যাপশন: ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে আকাশসীমা বন্ধ: ১৭ বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : 

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতের সশস্ত্র বাহিনী চালানো সামরিক হামলার পর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৭টি বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ ও আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।


ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত বা সীমান্তের নিকটবর্তী বিমানবন্দরগুলিকে কেন্দ্র করেই এই সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে। 


এয়ারলাইন সংস্থাগুলোর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এসব বিমানবন্দর ১০ মে সকাল ৫টা ৩০ মিনিট (IST) পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রমের জন্য বন্ধ থাকবে। তবে প্রতিরক্ষা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।


বন্ধ ঘোষিত বিমানবন্দরগুলো হলো- শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, বিকানের, গোয়ালিয়র, রাজকোট, ভুজ, জামনগর, ধর্মশালা, ভাতিন্ডা, সিমলা, হিন্দন, কিষানগড় এবং কান্ডলা।


ভারতের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো জানিয়েছে, ‘সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে অমৃতসর, বিকানের, চণ্ডীগড়, ধর্মশালা, গোয়ালিয়র, জম্মু, যোধপুর, কিশানগড়, লেহ, রাজকোট এবং শ্রীনগর থেকে ১৬৫টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। যা ১০ মে সকাল সাড়ে ৫টা পর্যন্ত বহাল থাকবে। যাত্রীদের আমাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ফ্লাইটের অবস্থা জেনে তবেই বিমানবন্দরে আসার অনুরোধ জানানো হচ্ছে।’


এয়ার ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট—এই নয়টি স্টেশন থেকে তাদের সকল ফ্লাইট ১০ মে সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে। 


এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পাইসজেট তাদের সংশ্লিষ্ট রুটে সমস্ত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে সরকারি মালিকানাধীন অ্যালায়েন্স এয়ারও অমৃতসর, ভুজ, বাথিন্দা, চণ্ডীগড়, ধর্মশালা ও শিমলা রুটে ফ্লাইট বন্ধ করেছে।


দেশব্যাপী প্রভাব ও আন্তর্জাতিক রুট পরিবর্তনউত্তর ভারতজুড়ে ফ্লাইট ট্র্যাকিং সেবায় দেখা গেছে, দিল্লি, রাজস্থান ও গুজরাটের উত্তরাঞ্চলে বেসামরিক বিমান চলাচল কার্যত বন্ধ। সীমান্তঘেঁষা এলাকার সংবেদনশীল বিমানঘাঁটিগুলির আশেপাশে বিমান চলাচল নেই বললেই চলে। 


ভারতের অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানও তার আকাশসীমায় আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে জানা গেছে।


ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার ঠিক পরপরই বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, তুর্কি এয়ারলাইন্স, ফিনএয়ার, সৌদিয়া, এয়ার আরবিয়া এবং ইরানের মাহান এয়ার তাদের দীর্ঘপথের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪