সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি অনেক বড় একটা দল, সেখানে কে আসছে না আসছে বোঝা কঠিন। সেখানে আ.লীগ যে ঢোকেনাই এটা তো আমরা জানিনা। তারাই আ.লীগের সঙ্গে আঁতাত করতে পারে। যারা আন্দোলন করে নাই, বসে থেকে আন্দোলন দেখেছে তারাই আ.লীগের সঙ্গে আঁতাত করছে। তবে সে ব্যাপারে আমরা সজাগ এবং খুব দ্রুতই তাদেরকে ছেঁটে ফেলা হবে।
শুক্রবার সিরাজগঞ্জ শহরের মাসুমপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক নির্মিত জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায় তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। আমরা তাদেরকে ভালবাসি ও যতটুকু পারি সাহায্য করি কিন্তু পিতৃ স্নেহ ও ভাতৃ-মমতা সেগুলো তো আর পাবেনা। এটা শেখ হাসিনা ও এই সিরাজগঞ্জের যারা মানুষ হত্যার রাজনীতি করেছে তারা এগুলো নিয়ে চলে গেছে। তবে এরা জীবন না দিলেও স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তির এই হায়নাকে উৎখাত করা যেত না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এসময় সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আ.লীগ নানানভাবে পায়তারা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং তারা যে অন্যায় করেছে তা স্বীকার করে না এবং করবেও না, এটা তাদের অভ্যাস। এই অন্যায়ের জন্য বাংলাদেশের মানুষের জীবন খারাপ হয়ে গিয়েছিল। তারা যেন এই ক্ষতি করার জন্য আর না আসতে পারে তার জন্য দেশের সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় তিনি জুলাই-আগস্ট শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন-সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন