সিনিয়র রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রতিটা সংকট ও সমাধানের পথ আমরা খুঁজে নেব। রোববার (৩ আগস্ট) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
আখতার হোসেন বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সে জন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তাদের অপূর্ণাঙ্গ দেহ নিড়িয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন।
আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে আমরা থাকতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা সততার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে।