সিনিয়র রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিকমতো না হয়, সে জন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে । তবে এই ষড়যন্ত্র সফল হবে না। যত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল টিকে থাকবে, তত দিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউই হতে পারবে না।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়’ শিরোনামের যুব-সমাবেশে এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে প্রায় আট বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি।
ফখরুল বলেন, হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনে আমরা একটা দুঃসময় পার হয়ে এখানে এসেছি। এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহŸান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন, আমরা পরস্পর কাদা ছোড়াছুড়ি না করি। একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার। দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই। মাথা উচু করে দাঁড়াই, সফল হবো।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রমুখ।