| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৩:৩৮:৩৭:অপরাহ্ন  |  ১৬১৪০১৭ বার পঠিত
সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ বেলা দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানির জন্য সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। 

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, আর কোনো আমদানিকারক প্রতিষ্ঠানকে নতুন করে অনুমতি দিলে সেটা পরে জানা যাবে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বলেন, ‘আমি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসবে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি কত দামে বিক্রি হবে, সেটি বন্দরের শুল্ক স্টেশন থেকে আমদানি করা পেঁয়াজের শুল্কায়নের পর লাভ রেখে নির্ধারণ করা হবে।’

বিরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী এস্তামুল হক বলেন, আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি করছেন। শুনেছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে। ভারতের পেঁয়াজ বাংলাদেশে ঢুকলে খুচরা বাজারেও দাম কমতে শুরু করবে। তখন আগের দামে কেনা পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হবে।


রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪