রিপোর্টার্স ২৪ ডেস্ক : দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে।
রোববার (১৭ আগষ্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। সেখানে কবি, লেখকেরা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে এবং মৌলবাদীদের অভয়ারন্য দেশ যেন পরিণত না হয় বিএনপি সে বিষয়েও সতর্ক থাকবে।
মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা প্রয়োজন। তা করা সম্ভব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে।
তারেহ রহমান বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব।
রিপোর্টার্স২৪/এসএন