সিনিয়র রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য ও শর্ত জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই নানা বক্তব্য ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো এই পদ্ধতি প্রচলিত আছে। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিনিধিত্বমূলক ভোট পদ্ধতি উপযুক্ত নয়। নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং ফ্যাসিবাদ-স্বৈরাচার পুনর্বাসনের পথ সুগম করছে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন।
তারেক বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন ও নির্যাতন দেখেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারও শহীদের আত্মত্যাগের ফলে গণতন্ত্রকামী মানুষ কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয়।
তিনি আরও বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রæয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। কিন্তু আমরা লক্ষ করছি যে, এই নির্বাচন নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর মন্তব্য এবং নিত্যনতুন শর্ত জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তারেক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকানোর মতো অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। তারা নির্বাচনী ব্যবস্থাকেও গত ১৬ বছর ধরে ধ্বংস করে দিয়েছিল।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়কে যেন কেউ নিজেদের হীন ও দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বা বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনা পর্যালোচনা করা হয়, তবে দেখা যাবে দু-একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ হামলার পেছনে কোনো ধর্মীয় কারণ ছিল না। ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য।
রিপোর্টার্স২৪/এসএন