| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুর ও দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৬১৪৯০ বার পঠিত
রংপুর ও দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪
ছবির ক্যাপশন: রংপুর ও দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার :

রংপুর ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দিবাগত রাতে রংপুরের কাউনিয়া এবং দিনাজপুরের কাহারোলে এ দুটি দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মীরবাগের বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫) ও কবির মামুদ গ্রামের নিবারণ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (৪২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেলাল ও কবির। তারা মীরবাগের বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ আলী পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক বাস ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে দিনাজপুরের কাহারোলে উপজেলার কাশিপুর টংক বাবুর হাট-সংলগ্ন এলাকায় রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।

জানা গেছে, রাতে পীরগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বীরগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে টংক বাবুরহাট ইটভাটার সামনে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তবে ফাঁকা সড়কে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ট্রাক কিংবা বাসচাপায় তাদের মৃত্যু হতে পারে। তবে পুলিশের ধারণা দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ওপরে পড়ে থাকতে দেখে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪