স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে একপ্রকার লড়াই করতে হয়েছে আমাদের।’
নাহিদ ইসলাম তরুণদেরকে এনসিপিতে যোগ দেয়ার আহবানের ভিডিও বার্তাটি সামনে আসতেই সামাজিক মাধ্যমে অনেকে বলছেন ‘মনোনয়ন দিতে প্রার্থী খুজে পাচ্ছেনা এনসিপি। তাই ফেসবুকে আহবান জানাচ্ছে।
এদিকে গতকাল দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বিএনপি’র মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব। বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট। তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।’
রিপোর্টার্স২৪/ধ্রুব