রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার অশ্লীল নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। হানি সিংয়ের সঙ্গে তার নতুন গান ‘চিলগাম’ প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া গানটির মিউজিক ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন আর তার পাশে নাচছেন মালাইকা। ভিডিওতে একাধিক দৃশ্যে মালাইকার নাচের ভঙ্গিমা, জিহ্বা বের করা, চুইংগাম চিবানোর মতো অঙ্গভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এই নাচে কোনো আবেদন নেই, বরং একে অশালীন বলা ছাড়া কিছু যায় না।’ আরেকজন লিখেছেন, ‘এই নাচের মানে কী? নাচের নামটাই বা কী?’
এমনকি মালাইকার অনুরাগীরাও হতাশ এই মিউজিক ভিডিওটি দেখে। তাদের মন্তব্য, একসময় ‘ছাইয়া ছাইয়া’ বা ‘মুন্নি বদনাম’-এর মতো নাচে যিনি দর্শক মাতিয়েছেন, সেই মালাইকার কাছ থেকে এমন নিম্নমানের উপস্থাপনা প্রত্যাশিত নয়।
কিছু নেটিজেন এই ভিডিও নিষিদ্ধ করারও দাবি তুলেছেন। তাদের মতে, ‘জিহ্বা বের করা বা চুইংগাম চিবানো কোনো নাচের অংশ হতে পারে না।’ কেউ কেউ বলছেন, হয়তো গানের সঙ্গে মানানসই নাচ দিতে না পারায় ভিডিওটি অশোভন মনে হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নিন্দা, সমালোচনা ও ট্রল। হানি সিংও এই বিতর্কের কারণে আলোচনায় এসেছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা