রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় দমকলকর্মীরা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন ঠেকাতে পানির স্বল্পতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে খালের পানি জেনারেটর দিয়ে টেনে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তীব্র যানজটের কারণে পানিবাহী গাড়িগুলোর বেশিরভাগই এলাকায় পৌঁছাতে বিলম্ব হয়। যে কয়েকটি গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পেরেছিল, তাদের পানিও দ্রুত ফুরিয়ে যায়।
এ কারণে বিকল্প হিসেবে বস্তির ঝিলপাড় ঘেঁষা খাল থেকে পানি তোলার জন্য তিনটি জেনারেটর স্থাপন করা হয়েছে। সেখান থেকে একাধিক পাইপের মাধ্যমে পানি টেনে আগুন নেভানোর চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রথম সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও যানজটের কারণে চারটি ইউনিট পথেই রয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি