নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে হারিয়ে যাওয়া ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা।
জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার সাতটি থানার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
নরসিংদী জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব