রিপোর্টার্স২৪ডেস্ক: সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করে নতুন রহস্যের জন্ম দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’ এমন প্রেমঘন ক্যাপশনসহ ছবি পোস্ট করার পর থেকেই শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।
ছবিতে শুভর মুখ স্পষ্ট হলেও যার কাঁধ জড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন, সেই নারীর মুখ আড়ালেই রয়েছে মূল রহস্য। অনেকেই ধারণা করছেন, তিনি সহশিল্পী জান্নাতুল ফেরদৌস ঐশী। কারণ, একই সময়ে ঐশীও শুভর সঙ্গে আরেকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন। শিউলি ফুলের মোটিফের শাড়িতে সেজে তাঁর বুক-দেয়ালে হেলান দেওয়া অবস্থায়। ক্যাপশনও যেন শুভর কথার প্রতিধ্বনি ‘যদি হারাস একটিবার, মরে যাবো শতবার।’
দুটি ছবি ও দুই শিল্পীর ক্যাপশন মিলিয়ে নেটিজেনদের প্রশ্ন আরও জোরালো, শুভ ও ঐশীর প্রেমের গুঞ্জন কি তবে সত্যি? নাকি রায়হান রাফী পরিচালিত তাঁদের আলোচিত চলচ্চিত্র ‘নূর’-এর মুক্তিকে কেন্দ্র করে প্রচারণার একটি কৌশল?
শুভ-ঐশী কেউই এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মহলে।
রিপোর্টার্স২৪/বাবি