সিনিয়র রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ফলে আগামী ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা ও কামালকে আপিল করতে হবে। এর আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে।
এ মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে বিচার হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ছিল গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুল এলাকায় হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা। শেষের তিন অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং প্রথম দুই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন