রিপোর্টার্স২৪ডেস্ক: ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরের বছর ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী। ওই বছরের ৬ জুন প্রকাশিত প্রিলিমিনারি ফলাফলে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
পরবর্তীতে গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন উত্তীর্ণরা। লিখিত পরীক্ষায় পাস করেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।