| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনীতির রক্তক্ষরণ, ব্যবসায়ীদের চিৎকারও শুনছে না সরকার: বিসিআই সভাপতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৩৭:৪৯:পূর্বাহ্ন  |  ১৩৯৪৭৮০ বার পঠিত
অর্থনীতির রক্তক্ষরণ, ব্যবসায়ীদের চিৎকারও শুনছে না সরকার: বিসিআই সভাপতি

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে এবং ব্যবসায়ীদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও সরকার তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তাঁর অভিযোগ, ব্যবসায়ী মহলের চিৎকার সরকার শুনছে না, তাদের প্রতি কোনো মনোযোগও দিচ্ছে না।

বৃহস্পতিবার বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিসিআই সভাপতি। সেপ্টেম্বর-অক্টোবরের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান।

বিসিআই সভাপতি বলেন, জ্বালানির দাম বাড়িয়েও সরকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারছে না। ২০২২ সালের পর থেকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেকেই জীবিকা বদলে ঢাকায় এসে অটোরিকশা চালাচ্ছেন। এই শহরের জনসংখ্যা এখন সাড়ে তিন কোটির কাছাকাছি।

খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার উল আলম। তিনি বলেন, ১৭ শতাংশ খেলাপি ঋণ থাকার সময় আইএমএফ বাংলাদেশকে মধ্যম মানের ঝুঁকিপূর্ণ বলেছিল। এখন যখন তা ৩৫ শতাংশ ছাড়িয়েছে, তখন আইএমএফ কী অবস্থানে যাবে, সেটাই প্রশ্ন। তাঁর মতে, খেলাপি ঋণের এই চাপ ঋণের ব্যয় আরও বাড়িয়ে দেবে।

সভাপতির বক্তব্যে পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার বলেন, অর্থনীতির গতি কমলেও সামগ্রিক স্থিতিশীলতা কিছুটা ফিরে এসেছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও উদার অর্থনৈতিক নীতি গ্রহণের ওপর জোর দেন তিনি। পাল্টা শুল্কের প্রভাবে সাম্প্রতিক সময়ে রপ্তানি কমলেও ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেন তিনি।

মূল প্রবন্ধে অর্থনীতিবিদ আশিকুর রহমান সতর্ক করেন, উচ্চ খেলাপি ঋণের চাপ মোকাবিলায় কঠোর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে মধ্যমেয়াদি ঝুঁকি তৈরি হবে। এতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের অর্থনীতি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪