রিপোর্টার্স২৪: মাল্টার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন এবং ৫৯ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আন্তর্জাতিক সূত্র জানায়, নৌকাটি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিল। গত শুক্রবার সকালে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে পৌঁছালে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং একপর্যায়ে এটি ডুবে যায়। মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে মোট ৬১ অভিবাসীকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় ভুগছিলেন এবং চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আন্তর্জাতিক অভিবাসন-বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, এটি মাল্টায় সাম্প্রতিক বছরে অনিয়মিত অভিবাসী আগমনের প্রথম বড় ঘটনা। ২০২০ সালে দেশটিতে দুই হাজার ২০০ জন অভিবাসী এসেছিলেন, তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে সংখ্যা কমে গেছে। গত বছর মাল্টায় আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২৩৮ জন, চলতি বছরে ১৮৫ জন।
এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন এক লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে অন্তত ৬৪ হাজার ইতালিতে এবং ৪৪ হাজার গ্রিসে পৌঁছেছেন।
মাল্টায় বাংলাদেশ দূতাবাস না থাকায় প্রবাসী বাংলাদেশিরা গ্রিসের এথেন্সে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেবা গ্রহণ করেন। এথেন্স দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে নিহত বা আহতদের সম্পর্কে কোনো তথ্য নেই।
রিপোর্টার্স২৪/এসসি