| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ের পাঁচ দিনের রিমান্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:৫৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৭১৬৬৩৪ বার পঠিত
হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ের পাঁচ দিনের রিমান্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না করায় সেদিন আসামিকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার শুনানিকালে খাদিজা ইয়াসমিন বিথীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফ সিকদারের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এ মামলায় এর আগে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪